গাজীপুরে আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। ছবি: সমকাল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১০:২৫
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের ৮ থেকে ১০টি কারখানা ছুটি ঘোষণা করেছে।
সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে হাজার হাজার শ্রমিক লাঠিসোঁটা হাতে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।
তারা আরও জানান, গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। রাতে মহাসড়ক ছেড়ে দিলেও সকাল থেকে আবারও সেখানে অবস্থান নিয়েছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা আজও সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়েছেন। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
- বিষয় :
- মহাসড়ক অবরোধ
- শ্রমিক বিক্ষোভ
- গাজীপুর