ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

এক পরীক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এক পরীক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল
×
×

কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ। ছবি-সমকাল।

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৫:৫৫ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৫:৫৬

একজন পরীক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন ১২ জন। তারপরও এবারের এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি ওই শিক্ষার্থী। রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজে ঘটেছে এ ঘটনা।

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, প্রতিষ্ঠানটি থেকে এবার মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মানবিক বিভাগের ওই পরীক্ষার্থী সঞ্জীব বর্মন একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। অথচ প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন ১২ জন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহলের অনেকে। তাদের মতে, একজন শিক্ষার্থীর বিপরীতে এতজন শিক্ষক থাকার পরও পাসের মতো ফল না আসা উদ্বেগজনক।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত বছরও কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেননি। বিষয়টি তখন রংপুরজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সে সময় প্রতিষ্ঠানের তৎকালীন অধ্যক্ষ পরবর্তী বছর ভালো ফলের আশ্বাস দিয়েছিলেন। তবে শিক্ষার্থীসংকটে থাকা প্রতিষ্ঠানটিতে মামলা-মোকদ্দমা ও পদ নিয়ে নানা জটিলতাও রয়েছে।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী বলেন, এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

এ বিষয়ে রংপুর জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, যেসব প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে সরকারিভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়, তা জানানো হবে।

আরও পড়ুন

×