দিনে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও ভাইরাল, রাতে গ্রেপ্তার ৪
অস্ত্র হাতে এসবিএস’ কিশোর গ্যাংয়ের সদস্যরা স্লোগান দেয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৮:১৮ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৮:৪৯
কুমিল্লায় দেশীয় অস্ত্র হাতে ‘এসবিএস’ কিশোর গ্যাংয়ের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে অভিযান চালিয়ে চার কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার সকালে অস্ত্র হাতে কয়েকজন কিশোরের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে জড়িতদের শনাক্তে মাঠে নামে পুলিশ। শনিবার রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন ‘এসবিএস’ কিশোর গ্যাং গ্রুপের সদস্য এবং অপরজন ‘সিটিজি’ গ্রুপের অ্যাডমিন।
গ্রেপ্তার চারজন হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকার ভাড়াটিয়া লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭), কালা মিয়ার ছেলে হাবিব (১৭) ও একই এলাকার ভাড়াটিয়া ও সিটিজি গ্রুপের অ্যাডমিন শাওন (১৭)।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, অস্ত্র হাতে ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
- বিষয় :
- কুমিল্লা
- কিশোর গ্যাং
- গ্রেপ্তার