ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’

মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’
×
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৮:৫৭

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পাঁচ দিনব্যাপী আয়োজিত যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে আজ রোববার দুপুরে জাহাজটি বন্দরে এসেছে। পরে জাহাজটিকে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ানো হয়।

বন্দর সূত্রে জানা যায়, ৬৮ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রামে এসেছে। জাহাজটি বন্দরে ভেড়ার সময় প্রতিনিধি দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এর আগে, বন্দরের প্রবেশমুখে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানানো হয়। আগামীকাল সোমবার চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে ‘কারাত-২০২৬’ মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। পাঁচ দিনব্যাপী এ মহড়ায় দুই দেশের নৌ সদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। ৫ নভেম্বর মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। মহড়া শেষে যুদ্ধজাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। একইসঙ্গে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।

আরও পড়ুন

×