ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত, আহত ১

মুন্সীগঞ্জে ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত, আহত ১
×
×

প্রতীকী ছবি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১১:২৮

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর আলী সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো. কাইয়ুম দেওয়ান (৭৫)। আহত ব্যক্তির নাম হাশেম বেপারী (৭০)। তিনি একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় করে কয়েকজন বৃদ্ধ বাড়ি ফিরছিলেন। এ সময় সিরাজদীখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়।

পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

হাশেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে আমরা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক আমাদের ওপর উঠে যায়। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কী ঘটেছে, তা আর বলতে পারিনা।

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন তিন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই দুই বৃদ্ধের মৃত্যু হয়েছিল।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

আরও পড়ুন

×