ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু, চোখে ঢুকে যায় ছিটকে আসা বাঁশ

অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু, চোখে ঢুকে যায় ছিটকে আসা বাঁশ
×
×

মো. হেলাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০০:৩৩

অসুস্থ মাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন ছেলে মো. হেলাল (৩৮)। পথে বাঁশবোঝাই একটি গাড়ি থেকে ছিটকে আসা বাঁশ তার চোখে ঢুকে যায়। গুরুতর আহত হেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আথাকরা বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় মাকে নিয়ে নোয়াখালীর মাইজদী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হেলাল রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আমিন উদ্দিন জমদ্দার বাড়ির বাসিন্দা। তিনি আথাকরা বাজারে চায়ের দোকান চালাতেন।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন হেলালের মা স্ট্রোক করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য মাইজদীতে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরিবারের সদস্যদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন হেলাল। পথে মুন্সী রাস্তার আগে সড়কের পাশে থাকা বাঁশবোঝাই একটি গাড়ি থেকে বাঁশ ছিটকে এসে তার চোখে ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

চোখে বাঁশের অংশ বিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে বাশের অংশ বের করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ দুর্ঘটনায় হেলালের মা, বোন ও মেজো ভাবিও আহত হন। তারা নোয়াখালীর মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘হেলাল আথাকরা বাজারের পরিচিত মুখ ছিলেন। খুব ভালো মানুষ ছিলেন তিনি। নিজের অসুস্থ মাকে চিকিৎসকের কাছে নিতে গিয়েই এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হবে।’

আরও পড়ুন

×