ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের দুই তরুণ

কপ-৩১ সম্মেলনে পার্বত্য  চট্টগ্রামের দুই তরুণ
×
×

তাওহীদুল ইসলাম, লিলিপ্রু মারমা

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০৮:৪৫

| প্রিন্ট সংস্করণ

জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিচ্ছেন পার্বত্য চট্টগ্রামের তরুণ পরিবেশকর্মী মো. তাওহীদুল ইসলাম ও লিলিপ্রু মারমা। আগামী ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক বিশ্বমঞ্চে তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু ন্যায়বিচার এবং পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ’ (ওয়াইডিএসবি)-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক পরিসরে জীবনযাত্রার সংকট ও প্রত্যাশা পেশ করাই তাদের মূল লক্ষ্য। 
ওয়াইডিএসবি সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম সংবেদনশীল এলাকা হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেখানে বন উজাড়, পানির উৎস শুকিয়ে যাওয়া এবং অনিয়মিত বৃষ্টিপাত বাড়ছে। দুর্গম পাহাড়ি এলাকার নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ২০১৮ সালে প্রতিষ্ঠিত ওয়াইডিএসবি-এর সভাপতি তাওহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক লিলিপ্রু মারমা স্থানীয় যুব ও নারীদের সংগঠিত করে জলবায়ু সহনশীলতা, পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরি ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে নিরলস কাজ করছেন।

সূত্র আরও জানায়, কপ-৩১ সম্মেলনে উপস্থাপনের অংশ হিসেবে ওয়াইডিএসবি ‘CHT Climate Declaration 2026’ বাস্তবায়ন করছে। এর অধীনে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির ২৬টি উপজেলায় স্থানীয় জলবায়ু সংকট, পানির তীব্রতা, খাদ্য নিরাপত্তা এবং নারীর ওপর বিরূপ প্রভাব নিয়ে গবেষণা ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব একত্র করে জাতীয় জলবায়ু নীতি এবং বিশ্বমঞ্চে পার্বত্য এলাকার বাস্তবচিত্র তুলে ধরে নীতিগত পরিবর্তনের দাবি জানানো হবে।
তাওহীদুল ও লিলিপ্রুর মতে, জলবায়ু পরিবর্তন কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়; এটি মানুষের মৌলিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন। আনাতোলিয়া সম্মেলনে তারা নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সঙ্গে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং নারী নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন

×