ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

হবিগঞ্জ

মোবাইল চুরিকে কেন্দ্র করে ২ গ্রামে সংঘর্ষ, আহত শতাধিক

মোবাইল চুরিকে কেন্দ্র করে ২ গ্রামে সংঘর্ষ, আহত শতাধিক
×
×

দুইপক্ষে সংঘর্ষের পর সড়কে ইটের গুড়া পরে থাকতে দেখা যায়। ছবি: সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১৫:১৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ | ১৫:৩৩

হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন আগে নিতাইরচক গ্রামের নানু মিয়ার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। চুরির ঘটনার সঙ্গে রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের জালাল মিয়া জড়িত রয়েছেন এমন অভিযোগ উঠে। পরে এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য আজ শুক্রবার এলাকার স্থানীয় মুরুব্বিরা সালিশ বৈঠকের আয়োজন করে। পরে সকাল ১০টার দিকে দুইপক্ষের লোকজন সালিশে উপস্থিত না হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরে সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশকয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে তোফাজ্জুল মিয়া, জিতু মিয়া, আব্দুল আহাদ, আদম আলী, সোহেল মিয়া, সানু মিয়া, নানু মিয়া লিটন মিয়া, নুরুজ মিয়া, মারাজ মিয়া, হাবিবুর রহমান, এমদাদুল মিয়া, শিষ আলী, পারভেজ মিয়া, বিলাল মিয়া, আক্কাস মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×