ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সিলেটে ফাঁকা সড়কে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ১২

সিলেটে ফাঁকা সড়কে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ১২
×
×

তাৎক্ষণিক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১৯:৫৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ | ১৯:৫৪

সিলেট নগরীর ফাঁকা সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ। আজ শুক্রবার ছুটির দিন সকালের এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৭টার দিকে নগরীর জেলরোড থেকে ধোপাদীঘি এলাকা পর্যন্ত ‘সিলেট মহানগর যুবলীগ’-এর ব্যানারে এই মিছিল বের করা হয়। অর্ধশতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই মিছিলে নিষিদ্ধ সংগঠন যুবলীগ, আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ছুটির দিন হওয়ায় সকালে সড়কগুলো মূলত ফাঁকাই ছিল। এই সুযোগে মিছিলকারীরা দ্রুত সংক্ষিপ্ত শোডাউন শেষ করে সটকে পড়ার চেষ্টা করেন। তবে ঘটনার পরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। কোতোয়ালী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি বড় ব্যানার, ৫টি ফেস্টুন এবং ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. শাহেক আহমেদ, মোহাম্মদ সেলিম আহমেদ, মুন্না আহমেদ, দেলোয়ার হোসেন, তানিম ইকবাল, সালেহ আহমেদ, কিবরিয়া আহমেদ, আলী আহমদ, এন এম নাদিম, ফাহিম হাসান রবি, জাকের খান (২৯) ও জুনায়েদ আহমেদ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এডিসি মিডিয়া মো. আফজাল হোসেন।

আরও পড়ুন

×