ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সাবেক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙার পর রগ কাটার অভিযোগ

সাবেক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙার পর রগ কাটার অভিযোগ
×
×

আবুল কালাম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ২০:৩৭ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ | ২০:৫০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের প্রতিবাদ করায় আবুল কালাম নামের সাবেক এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পর তার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাদক কারবারির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবুল কালামকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, আবুল কালাম দীর্ঘদিন ধরে উত্তর মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। সম্প্রতি শাহাদাত ও এমদাদুল নামের স্থানীয় দুই ব্যক্তিকে মাদক কারবারের অভিযোগে পুলিশে ধরিয়ে দেন তিনি। এরপর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে নেন। পরে তাকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা শাহজালালসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙে দেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয়।

আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় অভিযুক্ত শাহজালাল, শাহাদাত ও এমদাদুলসহ অন্যরা এলাকা ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। খুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। 

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মাদক কারবারের প্রতিবাদ করায় সাবেক এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×