সাজেকে অবরোধ
অনেক বৌদ্ধ বিহারে চীবর দানোৎসব স্থগিত
রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে শনিবার ২৩তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান
রাঙামাটি অফিস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ২১:৪৮
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বনানী বন বিহারে সাজেকের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবরোধের কারণে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ায় ভিক্ষু-শ্রমণ, দায়ক-দায়িকা ও দূরদূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষের পক্ষে এতে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না বলেই এমন সিদ্ধান্ত।
সাজেক বাঘাইহাট বনানী বন বিহারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বনানী বন বিহারে ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য শুভ কঠিন চীবর দানোৎসব বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনিবার্য কারণে বাতিল ঘোষণা করা হলো। ২ নভেম্বর কঠিন চীবর দান উদযাপন কমিটির এক সিদ্ধান্তক্রমে এ সিদ্ধান্ত হয়েছে। সব দায়ক-দায়িকা, ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা, ভক্ত ও শুভানুধ্যায়ীদের বিষয়টি অবগত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
এ বিষয়ে বাঘাইহাট বনানী বন বিহার পরিচালনা কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা বলেন, সাজেকের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কঠিন চীবর দানোৎসব না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ একটা ধর্মীয় অনুষ্ঠান করতে কমপক্ষে ১০ হতে ১৫ দিন আগে থেকে প্রস্তুতি লাগে। কিন্তু সাজেকের বর্তমান পরিস্থিতির কারণে মানুষজনের উপস্থিতিও কম, সাজেক সড়কে যান চলাচল বন্ধ, বাজারও মিলছে না, যার কারণে সবকিছু বিবেচনা করে এবারে আমাদের কঠিন চীবর দানোৎসব না করার সিদ্ধান্তটা নিতে হয়েছে।
সাজেক সড়কে অবরোধ: এদিকে, সন্তু লারমা গ্রুপের জেএসএস সদস্যদের সাজেক এলাকা থেকে নিতে ও সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে ১৪তম দিন শুক্রবার সাজেক সড়কে অবরোধ পালিত হয়েছে। অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হলেও বড় ধরনের যানবাহন চলাচল করেনি।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, সাজেকে শান্তিপূর্ণ অবরোধ পালিত হয়েছে। মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি মাঝেমধ্যে চলাচল করলেও বড় ধরনের যানবাহন চলাচল করেনি।
উল্লেখ্য, সাজেক পর্যটনকেন্দ্র সড়কে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে। অবরোধে সাজেক সড়কে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। গত ২৬ অক্টোবর সাজেকে সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে উজোবাজারে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন।
বিক্ষুব্ধদের ৫ দফা দাবির মধ্যে চার দফা দাবি প্রশাসন মেনে নিলেও বাকি একটি দাবি নিয়ে একমত না হওয়ায় বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে বলছে আলোচনা চলমান রয়েছে।
- বিষয় :
- রাঙামাটি
- সাজেক
- কঠিন চীবর দান