ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দশম শ্রেণির ছাত্রীকে হত্যা

জড়িতদের গ্রেপ্তার দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ

জড়িতদের গ্রেপ্তার দাবিতে শিক্ষক  শিক্ষার্থীদের বিক্ষোভ
×
×

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলছাত্রী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনের একাংশ। গতকাল শুক্রবার পটুয়াখালী-বরগুনা আঞ্চলিক মহাসড়কে সমকাল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ০৮:৪০ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ | ০৮:৪৬

| প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলছাত্রী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার সুবিদখালী সরকারি র-ই মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পটুয়াখালী-বরগুনা আঞ্চলিক মহাসড়কে এ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

মানববন্ধনে নিহত ছাত্রীর সহপাঠী, সুবিদখালী সরকারি র-ই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে ছুটে যাওয়ার কথা, সেই বয়সে একটি কিশোরীকে নৃসংশভাবে খুন হয়ে কবরে শুয়ে থাকতে হচ্ছে। আমরা কোনো অজুহাত দেখতে চাই না; দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘাতকদের চিহ্নিত করে ফাঁসিতে ঝুলাতে হবে।’

এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ঘটনার রহস্য উন্মোচনে ইতোমধ্যে তিনজনকে আটক করে থানায় নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের পালিয়ে যাওয়া রুখতে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছে থানা পুলিশ।
গত ৩ নভেম্বর সকাল ৯টার দিকে দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। বিকেল গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় স্বজনেরা স্কুলে গিয়ে খোঁজ নেন। শিক্ষকরা জানান, সে ওইদিন পরীক্ষা দিতে যায়নি। স্বজনরা বিভিন্ন স্থানে ও খোঁজাখুঁজি করে না পেয়ে মির্জাগঞ্জ থানায় বিষয়টি অবহিত করেন। বৃহস্পতিবার সকালে ডোবায় পাওয়া যায় তার মরদেহ। 

আরও পড়ুন

×