আলট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ০৮:৪৪
| প্রিন্ট সংস্করণ
দৌড়াও সুস্বাস্থ্যের জন্য, লাগাও গাছ পৃথিবীর জন্য– এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান থেকে চাতলাপুর বর্ডার পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে শমশেরনগর আলট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা।
টিম শমশেরনগর (বিডি)-এর আয়োজনে এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় ও গিগাবাইট-এর সহযোগিতায় শুক্রবার ভোর ৫টায় এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় তিনটি ভিন্ন ক্যাটেগরিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত দৌড়বিদ অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ কিমি ক্যাটেগরিতে ৩০০ জনের অধিক, ২৫ কিমি ক্যাটেগরিতে ১৫০ জনের অধিক এবং ৫০ কিমি ক্যাটেগরিতে ১৫০ জনের অধিক দৌড়বিদ অংশ নেন। ভোর ৫টায় ২৫ কিমি ও ৫০ কিমি এবং ৫টা ৫০ মিনিটে ১০ কিমি দৌড় শুরু হয়।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটেগরিতে বিজয়ী হন প্রতিভাবান দৌড়বিদরা। এর মধ্যে ৫০ কিমি পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মইনুল ইসলাম এবং ১০ কিমি বিভাগে বিজয়ী হন শুভ্র যাদব।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথনের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। এ ছাড়া ম্যারাথন শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল বাসিত (রেস কো-অর্ডিনেটর), ফয়সাল আল কয়েস চৌধুরী (রেস ডাইরেক্টর) প্রমুখ।
- বিষয় :
- প্রতিযোগিতা