ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা
×
×

সাজ্জাদুল হাসান

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:৪২

নেত্রকোনার মোহনগঞ্জে মশাল মিছিল করে নাশকতার চেষ্টা ও বর্তমান সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন বৃহস্পতিবার মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে মোহনগঞ্জ থানার বাহাম গ্রামের মৃত হাজী আবদুল হামিদের ছেলে মো. মাজাহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসানকে মামলার এক নম্বর আসামি করা হয়েছে। তিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য। মামলার দুই নম্বর আসামি মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান রতন। তিন নম্বর আসামি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল।

এজাহারে অভিযোগ করা হয়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ উপজেলার কাজিয়াটি এলাকার মডেল মসজিদের দক্ষিণ পাশে পাকা সড়কে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জড়ো হন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল বের করেন তারা। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন।

এজাহারে আরও বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন এবং বর্তমান সরকার পতনের লক্ষ্যে আসামিরা সড়ক অবরোধ করেন। এ সময় যানবাহনের ক্ষতিসাধন ও বড় ধরনের নাশকতার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত আসামি জুবায়েদ আহমেদকে (২৩) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী।

ওসি মো. হাফিজুর ইসলাম হারুন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

×