ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

৩২৫ টাকায় আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে পাবনা, টিকিট বিক্রি শুরু

৩২৫ টাকায় আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে পাবনা, টিকিট বিক্রি শুরু
×
×

ছবি: সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৭:৩৫

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে চালু হতে যাচ্ছে পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগ। এ রুটে নতুন সংযোজন হিসেবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে।

প্রাথমিকভাবে জানা গেছে, আগামী ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার নির্ধারিত তারিখের ১০ দিন আগে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ের সূত্র জানায়, ট্রেন দুটির ভাড়া নির্ধারণ করা হয়েছে পাবনা থেকে ঢাকা নন-এসি আসন ৩২৫ টাকা, এসি চেয়ার ৮১৭ টাকা এবং এসি কেবিনের প্রতি আসন ৯৭৮ টাকা।

আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরদিন ২০ নভেম্বর থেকে শুরু হবে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে একটি উদ্বোধনী বিশেষ ট্রেন ছেড়ে যাবে। এ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। উদ্বোধনী যাত্রায় অংশ নিতে আগ্রহীদের পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে। উদ্বোধনী বিশেষ ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।

নিয়মিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আসবে বেলা ৩টা ২৫ মিনিটে।

নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

আরও পড়ুন

×