ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাজশাহীতে নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা জমা, তদন্ত দাবি 

রাজশাহীতে নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা জমা, তদন্ত দাবি 
×
×

ছবি-সংগৃহীত

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৮:০৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৮:১০

একটি নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়েছিল। একই দিন ওই হিসাব থেকে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে। ২০২২ সালের ৩০ আগস্ট এক্সিম ব্যাংকের মাধ্যমে এই লেনদেন হয়। এই অস্বাভাবিক লেনদেনের বিষয় নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তদন্তের দাবি উঠেছে।

কোচিং সেন্টারটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক। তাঁর দাবি, তৃতীয় একজনের টাকা তিনি ওই সার্জেন্টের হিসাব নম্বরে পাঠিয়েছিলেন। এ ছাড়া এক লাখ টাকা তিনি নগদ দেন।

ব্যাংকের লেনদেন সংক্রান্ত নথি সম্প্রতি সমকালের হাতে আসে। এটি পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ৩০ আগস্ট নিউরন নার্সিং কোচিং সেন্টারের নামে পরিচালিত ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়। এরপর একই দিন সেখান থেকে ৪৯ লাখ টাকা পাঠানো হয় রাজশাহী নগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত হিসাবে। 

কোচিং সেন্টারের হিসাবে এত বিপুল পরিমাণ নগদ অর্থ কে জমা দিয়েছিলেন, অর্থের উৎস কী এবং কেন তা একজন পুলিশ সদস্যের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর

করা হয়েছিল– এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এনসিপিতে যোগ দেন। পরে তিনি দলটির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক হন। 

সার্জেন্টের বক্তব্য

এ বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার লেনদেনের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। তাঁর কাছে জানতে চাওয়া হয়, একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব থেকে তাঁর ব্যক্তিগত হিসাবে এত বিপুল পরিমাণ টাকা কেন স্থানান্তর করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে।’ টাকার উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন, তাঁকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আপনি আমাকে এসব প্রশ্ন করতে পারেন না।’

গত সোমবার দুপুরে আরএমপির ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তাঁর উপস্থিতিতে এসব কথা বলেন সার্জেন্ট সাবিহা। পরদিন মঙ্গলবার রাত ৯টার দিকে রাজশাহী নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান তিনি। একটি ডেন্টাল কেয়ারের সামনে দুজনকে মুখোমুখি বসে কথা বলতে দেখা যায়। ওই সময় সার্জেন্ট সাবিহা পুলিশের পোশাক পরা ছিলেন।

তৃতীয় ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার দাবি

অন্যদিকে অর্থ স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, ‘আসলে সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিলেন। কিন্তু তিনি সরাসরি তাঁর কাছ থেকে টাকাটা নিতে চাননি। এ জন্য ওই ব্যক্তি আমাকে নগদ টাকা দেন। আমি সেটা আমার ব্যাংক হিসাবে নিয়ে সার্জেন্ট সাবিহার হিসাবে ট্রান্সফার করে দিয়েছি। এখন উপকার করতে গিয়ে আমিই বিপদে পড়েছি।’

সাইফুল ইসলামের বক্তব্য অনুযায়ী, টাকার প্রকৃত উৎস ছিলেন তৃতীয় একজন ব্যক্তি। তবে ওই ব্যক্তির পরিচয়, অর্থের উৎস কিংবা সার্জেন্ট সাবিহাকে টাকা দেওয়ার কারণ তিনি জানাননি। সরাসরি অর্থ গ্রহণ না করে কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করার প্রয়োজন কেন হয়েছিল, সে বিষয়েও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

তদন্তের দাবি

বিপুল অঙ্কের এই লেনদেনের তদন্ত দাবি করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী বিভাগীয় সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, ট্রাফিক বিভাগে দুর্নীতির অভিযোগ প্রায়ই ওঠে। কাজেই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘সার্জেন্ট সাবিহার ব্যক্তিগত হিসাবে টাকা এলে সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে আমাদের কাছে কোনো অভিযোগ না এলে আমরা কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত করতে পারি না।’

আরও পড়ুন

×