কারখানায় অভিযান চালিয়েও সেলিম ওসমানকে পায়নি ডিবি
ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ২৩:৪৬
অভিযান চালিয়েও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তার করতে পারেনি জেলা গোয়েন্দা পুলিশ। ফতুল্লায় তার মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামের পোশাক কারখানায় জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করা হলেও আজ শুক্রবার বিষয়টি জানা যায়।
কারখানাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে সাদাপোশাকে ৮-১০ জন কারখানার প্রধান ফটকে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ বলে পরিচয় দেন। তারা কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান। আনসার সদস্যরা তাদের জানান, গোয়েন্দা পুলিশ আসার প্রায় ঘণ্টাখানেক আগে কারখানা ছুটি হয়ে গেছে। শ্রমিকরা চলে গেছেন। ভেতরে কেউ নেই। এটা শুনে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।
সেলিম ওসমান ফতুল্লায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন, এমনকি গত রোজার ঈদের পরে তিনি এখানে একটি ঈদ পুনর্মিলনী করেছেন বলেও বিভিন্ন সময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান ফতুল্লায় তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে মাঝে মাঝে আসেন। বৃহস্পতিবার আমাদের কাছে সংবাদ ছিল সেলিম ওসমান ফতুল্লায় ব্যবসাপ্রতিষ্ঠানে এসেছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে যায়। কিন্তু সেখানে সেলিম ওসমানকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সেলিম ওসমানের বিরুদ্ধে বেশ কয়েকটি বৈষম্যবিরোধী হত্যা মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তার অবস্থান নিশ্চিত করা গেলেই তাকে গ্রেপ্তার করা হবে।
এর আগেও সেলিম ওসমানকে গ্রেপ্তার করতে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতে অভিযান চালিয়েছিল ফতুল্লা থানা-পুলিশ। ওই সময়ও তাকে পাওয়া যায়নি।
সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তার বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে উপনির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য। সেই সঙ্গে তিনি ছিলেন নিট পোশাক ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন বিকেএমইএর সভাপতি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওসমান পরিবারের সদস্য ও তাদের সহযোগীরা আত্মগোপনে চলে যান। শামীম ওসমান ও তার স্ত্রী-সন্তানরা দেশ ছাড়তে সক্ষম হলেও সেলিম ওসমান এখনো দেশেই রয়েছেন বলে গুঞ্জন রয়েছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- ডিবি