ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধা

মব সৃষ্টি করে ৪ সাংবাদিককে মারধরের অভিযোগ

মব সৃষ্টি করে ৪ সাংবাদিককে মারধরের অভিযোগ
×
×

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ০৩:৩০

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রশাসনের অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধে অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে মব সৃষ্টি করে চার সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন সাংবাদিকের মধ্যে দুজন গুরুতর আহত হয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের বাম হাতে গুরুতর আঘাতের কারণে প্লাস্টার করে দেওয়া হয়েছে এবং অপর দুই সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে জেলার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা যায়, বিকেলের দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন করে রাখা স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে মজুত করে রাখা বালুগুলো জব্দ করে এবং বালু বহনে চারটি ট্র্যাক্টর জব্দ করে। সেই সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে সিএনজির পথরোধ করে একদল ব্যক্তি এবং সাংবাদিকদের একটি রুমে অবরুদ্ধ করে বেধড়ক মারধর করে। 

ভুক্তভোগী চার সাংবাদিকের অভিযোগ, পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ একটি দল মব সৃষ্টি করে তাদেরকে মারপিট করে। এতে তারা গুরুতর আহত হন। এসময় তারা সাংবাদিকদের ফোন কেড়ে নেয়। পরে তাদের (সাংবাদিকদের) হাতে দিয়ে সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে সংবদ্ধ চক্রটি।

মারধরের শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক আজকের পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোটার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার।

মারধরের শিকার সাংবাদিক আনোয়ার হোসেন শামীম বলেন, পলাশবাড়ীতে অভিযানের ভিডিও তথ্য নিয়ে সিএনজিযোগে গাইবান্ধা ফেরার পথে হঠাৎ তিনটি মোটরসাইকেলে নয়জন পথ রোধ করে। পরে একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে এবং মব করে বেধড়ক মারধর করে। এসময় তারা ফোন কেড়ে নিয়ে বন্ধ করে রাখে। টাকা জোড় করে হাতের ভেতরে দিয়ে ভিডিও ধারন করেন। অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। 

অভিযুক্ত পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, ঘটনার বিষয়টি শুনছি। এটা খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল বলেন, অভিযানে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। যেকারণে বালু ব্যবসায়ীদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বালু পরিবহনের কাজে জড়িত চারটি ট্র্যাক্টর জব্দ করা হয়। পরে পানি উন্নয়ন বোর্ডের কাজে জড়িত থাকার কথা শুনে সেগুলো ছেড়ে দেওয়া হয়। 

আপনাদের অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা মবের শিকার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের কথা আমি শুনছি। যারা সাংবাদিকদের হেনস্তা করেছে, আপনারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×