সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী মারা যাওয়ার দুদিন পর স্ত্রীর মৃত্যু
প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৮:০৪
নওগাঁর সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে স্বামী মারা যান। এর দুদিন পর বাড়িতে মারা যান স্ত্রী।
নিহতরা হলেন- উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামের সোলায়মান আলী ও তাঁর স্ত্রী আফরোজা বেগম (৬৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে মশার কয়েল ধরানোর জন্য রান্নাঘরে গিয়ে গ্যাস লাইট জ্বালান আফরোজা বেগম। এ সময় রান্নাঘরে থাকা এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনি দগ্ধ হন। স্ত্রীর চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে গিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন সোলায়মান আলী। এ সময় তিনিও দগ্ধ হন।
পরে গুরুতর আহত অবস্থায় ওই রাতেই দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ নভেম্বর বিকেল ৪টার দিকে সোলায়মান আলী মারা যান। ওই দিন তাঁর মরদেহ ও চিকিৎসাধীন স্ত্রী আফরোজা বেগমকে গ্রামের বাড়িতে নেওয়া হয়। সোলায়মান আলীকে দাফনের পর বাড়িতে থাকা অবস্থায় গতকাল রোববার ভোর ৫টার দিকে আফরোজা বেগমেরও মৃত্যু হয়।
সাপাহার থানার ওসি শাহীন রেজা বলেন, লোকমুখে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
- বিষয় :
- নওগাঁ
- সিলিন্ডার বিস্ফোরণ
- মৃত্যু