ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬

পাবনায় সংঘর্ষ থামলেও আতঙ্ক কাটেনি, বন্ধ অধিকাংশ দোকানপাট

পাবনায় সংঘর্ষ থামলেও আতঙ্ক কাটেনি, বন্ধ অধিকাংশ দোকানপাট
×
×

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৯:০৬

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ থামলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের মধ্যে। সংঘর্ষের আশঙ্কা ও ক্ষয়ক্ষতি এড়াতে বেড়া পৌর সদরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আজ রোববার সকাল থেকে পৌরসভার কয়েকটি এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।

ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে গোয়েন্দা পুলিশের অভিযানে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বেড়া থানার ওসি গোলাম মোস্তফা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- বেড়া পৌর সদরের বৃশালিখা মহল্লার মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৫৫), মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সম্ভুপুর মহল্লার মৃত সুলতান সরদারের ছেলে সালাম সরদার (৭১) এবং আব্দুল মালেক সরদারের দুই ছেলে সাব্বির হোসেন (২৭) ও রাব্বি হাসান (২৩)। তাঁরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে দাবি পুলিশের।

এর আগে সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে রাজশাহী রিজার্ভ রেঞ্জে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার দুপুরে বেড়া পৌর সদর ও সংঘর্ষের ঘটনাস্থল ঘুরে দেখা যায়, নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুরো পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ইট-পাটকেল। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে গাছের ডাল, বাঁশ ও টিন দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে। রোববার নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেনি।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তবে সংঘর্ষের পর ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের তালিকা এখনও তৈরি করতে পারেনি পুলিশ ও স্থানীয় প্রশাসন।

বেড়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নতুন করে যাতে কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, পরিস্থিতির আর অবনতি হবে না।’

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, আইনশৃঙ্খলার বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে। তাঁরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এলাকাগুলো পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আহত ও ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পরিবেশ এখনও হয়নি। তবে পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যার পর সংঘর্ষ থামে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। গুরুতর আহত হাতিগড়া মহল্লার মৃত রাজা মিয়ার ছেলে জিসান (১৫) নামে এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। ওই দিন সম্ভুপুর ও পায়না মহল্লার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। একই দিন বৃশালিখা মহল্লায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িও রয়েছে।

এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় বিএনপি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠক করেন।

আরও পড়ুন

×