ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবাহী জাহাজ জব্দ

বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবাহী জাহাজ জব্দ
×
×

ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ০১:০০

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান ও সিমকার্ডসহ একটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। এমভি স্টার লাইন নামে জাহাজটি আফ্রিকার দ্বীপরাষ্ট্র কোমোরোসের পতাকাবাহী। জব্দ করা রাসায়নিক উপাদানের নাম সোডিয়াম পারক্লোরেট। এটি রকেটের জ্বালানি ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। 

জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম অনুযায়ী, এটির নির্ধারিত গন্তব্য বাংলাদেশের মোংলা বন্দর ছিল। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা কেউ এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে। 

মেরিটাইম অপটিমা ও ভেসেল ফাইন্ডারের তথ্য বিশ্লেষণ করে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, জাহাজটি চীনের শিডাও ও লিয়ানইউঙ্গাং বন্দর থেকে যাত্রা শুরু করে ৭ থেকে ২৭ অক্টোবর সিঙ্গাপুরে অবস্থান করে। এটির ৮ নভেম্বর বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। 

আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ম্যাজিক পোর্ট ও মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটির বাণিজ্যিক ব্যবস্থাপক সংযুক্ত আরব আমিরাতের ড্রিমলাইন কমোডিটিস ডিএমসিসি। আর নিরাপত্তা ব্যবস্থাপক হংকংভিত্তিক ফুজিয়ান সাকসেস ওশান শিপিং। 

ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম কুমপারান নিউজের খবরে বলা হয়েছে, গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি আটক করা হয়। এটি আফ্রিকার দ্বীপরাষ্ট্র কোমোরোসের পতাকাবাহী। 

গত শুক্রবার বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা বলেন, ৭ নভেম্বর নৌবাহিনীর একটি টহল জাহাজ বেলাওয়ান জলসীমায় টহল দিচ্ছিল। এ সময় জ্বালানি নেওয়ার অপেক্ষায় থাকা এমভি স্টার লাইন জাহাজটির গতিবিধি তাদের কাছে সন্দেহজনক মনে হয়। জাহাজটি ঠিকমতো দিক পরিবর্তন করছিল না এবং সেটির সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না। পরে টহল জাহাজের সদস্যরা এমভি স্টার লাইনে তল্লাশি চালান। জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া লাখ লাখ খালি ফোরজি এলটিই সিমকার্ড বোঝাই ৫৪টি প্যালেট উদ্ধার করা হয়। 

জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই বিপজ্জনক রাসায়নিক জব্দ করা হয়েছে বলে উল্লেখ করে এই নৌ কর্মকর্তা জানান, যথাযথভাবে সংরক্ষণ করা না হলে এই রাসায়নিক থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইরানের বন্দর আব্বাস এবং যুক্তরাষ্ট্রের নেভাদায় সোডিয়াম পারক্লোরেট থেকেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। 

ডেনি সেপ্টিয়ানা বলেন, জাহাজটির প্রশাসনিক নথিপত্র, সমুদ্রপথে চলাচলের বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়মাবলি মানা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

সোডিয়াম পারক্লোরেটের ব্যবহার 
সোডিয়াম পারক্লোরেট থেকে অ্যামোনিয়াম পারক্লোরেট তৈরি করা হয়, যা মহাকাশ গবেষণার রকেট বুস্টার এবং স্যাটেলাইট উৎক্ষেপণ যানের কঠিন জ্বালানির প্রধান উপাদান। এটি পটাশিয়াম পারক্লোরেট উৎপাদনে ব্যবহৃত হয়, যা আতশবাজি এবং জরুরি সংকেত দেওয়ার ফ্লেয়ার তৈরিতেও কাজে লাগে। ডিএনএ ও আরএনএ পৃথক্‌করণ, খনি ও নির্মাণ শিল্প এবং টেক্সটাইল শিল্পেও এটির ব্যবহার আছে। 

বৈধ শিল্প-ব্যবহার থাকা সত্ত্বেও, এর উচ্চ অক্সিজেন সরবরাহ করার ক্ষমতার কারণে এটি সাধারণ দাহ্য পদার্থের সঙ্গে মিশে ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। এ জন্য আন্তর্জাতিক সমুদ্র চলাচল আইনে এটিকে বিপজ্জনক পণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এর আমদানি-রপ্তানিতে কঠোর সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। 

বাংলাদেশে সোডিয়াম পারক্লোরেট বা এই জাতীয় বিপজ্জনক রাসায়নিক আমদানির ক্ষেত্রে বিস্ফোরক আইন, ১৮৮৪ এবং বিস্ফোরক বিধিমালা, ২০০৪ অনুযায়ী কঠোর আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। জলপথে বা আকাশপথে বিস্ফোরক বা বিস্ফোরক-সহায়ক রাসায়নিক আমদানির আগে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শকের কাছ থেকে আমদানি লাইসেন্স বা অনাপত্তিপত্র নিতে হয়। 

এ ধরনের পণ্য আমদানির আগেই আমদানিকারকের নিজস্ব বা অনুমোদিত নিরাপদ গুদাম (ম্যাগাজিন) থাকতে হয় এবং সেটির জন্য বিস্ফোরক পরিদপ্তর থেকে ফরম-২২ অনুযায়ী মজুতের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। গুদামের লে-আউট নকশা, জমির মালিকানা বা ভাড়ার চুক্তিপত্র এবং ফায়ার সার্ভিসের ছাড়পত্র জমা দিতে হয়। 

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশ অনুযায়ী, নিয়ন্ত্রিত রাসায়নিক আমদানির ক্ষেত্রে কেবল নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানগুলোই তাদের অনুমোদিত উৎপাদন ক্ষমতার বিপরীতে এলসি খুলতে পারে। সাধারণ বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এ ধরনের রাসায়নিক আমদানি কঠোরভাবে সীমিত বা নিষিদ্ধ আছে। রাসায়নিকের ধরন ও পরিমাণ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রেরও প্রয়োজন হয়।

আরও পড়ুন

×