ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাপের কামড়ে মারা গেল ২১ মাসের আবদুল্লাহ

সাপের কামড়ে মারা গেল ২১ মাসের আবদুল্লাহ
×
×

শিশু আবদুল্লাহ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৭:১১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ১৮:৪১

চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের ভেতরে খেলার সময় বিষধর সাপের ছোবলে মো. আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার প্রবাসী ওসমান আলীর একমাত্র ছেলে।

আবদুল্লাহর মা ওয়াফিকা আলিফ বলেন, ‘আমার ছেলে মাটির গুদামঘরে খেলছিল। হঠাৎ চিৎকার করে উঠলে একটি সাপ চলে যেতে দেখি। পরে তার ডান হাতের বগলের নিচে সাপের কামড়ের দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। অ্যান্টিভেনম দিয়েও আমার ছেলেকে বাঁচানো গেল না। সাপের কামড়ে কলিজার টুকরা ছেলেকে হারালাম।’

যে ঘরে খেলতে গিয়ে সাপের কামড়ের শিকার হয়েছিল শিশুটি, তার মৃত্যুর পর সেই ঘর থেকেই উদ্ধার করা হয়েছে বিষধর পদ্ম গোখরা।

শিশুটির চাচা তাহসিন জানান, রাত পৌনে ১০টার দিকে আবদুল্লাহকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে অ্যান্টিভেনম দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটির মা ওয়াফিকা আলিফ জানান, হাসপাতালে দেয়ালে টাঙানো সাপের ছবি দেখে তিনি সাপটিকে পদ্ম গোখরা হিসেবে শনাক্ত করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মমিতা দাশ বলেন, ‘সাপের কামড় নিশ্চিত হওয়ার পর শিশুটিকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে শিশুটির মৃত্যুর খবর পাই।’

আবদুল্লাহর মৃত্যুর পর সোমবার সকালে তার বাড়িতে সাপ উদ্ধারে অভিযান চালানো হয়। সকাল ১১টার দিকে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমীর হোসাইন শাওন ঘরের একটি গর্ত থেকে পদ্ম গোখরাটি উদ্ধার করেন।

আমীর হোসাইন শাওন জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান তিনি। ঘরের ভেতর একটি গর্তে সাপটি লুকিয়ে ছিল। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শাওন জানতে পারেন, ঘটনার রাতে ঘরের ভেতর একটি ব্যাঙ দেখা গিয়েছিল। তার ধারণা, ব্যাঙ শিকার করতে সাপটি গর্ত থেকে বের হয়ে ঘরে ঢুকেছিল। এ সময় আত্মরক্ষার্থে সাপটি শিশুটিকে ছোবল দিয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, শীতের শুরুতে সাপ খাবারের সন্ধানে বের হয় এবং নিরাপদ আশ্রয় খোঁজে। এ সময় বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং সতর্ক থাকা প্রয়োজন।

আরও পড়ুন

×