ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আমতলী পৌরসভা

ঘুষের লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক

ঘুষের লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক
×
×

উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৭:৫১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ১৯:০৮

বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল ১১টার দিকে পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের কাছ থেকে তাঁকে আটক করা হয়। পরে দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনে অবস্থিত লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে লোকাল গভমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান প্রকল্পটির দরপত্র আহ্বান করেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে কাজটি হাতবদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।

২০২৪ সালের ২৫ অক্টোবর কাজটির উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম।

ঠিকাদারের অভিযোগ, কাজ বাস্তবায়নের শুরু থেকেই পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন। তাঁর চাহিদা অনুযায়ী ঘুষ না দেওয়ায় নানা উপায়ে হয়রানি করা হচ্ছিল এবং কাজ সঠিকভাবে বাস্তবায়নে বাধা দেওয়া হচ্ছিল। এ অভিযোগে ঠিকাদার শেখ নোমান রেজা গত ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয়, পটুয়াখালীতে অভিযোগ করেন।

অভিযোগের পর দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একদল কর্মকর্তা সোমবার সকালে আমতলী পৌরসভায় অভিযান চালান। এ সময় পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খানকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করা হয়।

ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খান একজন দুর্নীতিবাজ প্রকৌশলী। কাজের শুরু থেকেই ঘুষের টাকার জন্য নানা উপায়ে তাঁকে হয়রানি করে আসছিলেন। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয়, পটুয়াখালীতে অভিযোগ করেন। রোববার অভিযানের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।

দুদক সমন্বিত কার্যালয়, পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, অভিযোগের পর রোববার আমতলীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলার পর সোমবার  দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, দুদক পটুয়াখালীর কর্মকর্তারা উপসহকারী প্রকৌশলী রুবেল খানকে আটক করে থানায় সোপর্দ করেছেন। মঙ্গলবার সকালে তাঁকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

×