ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আখাউড়া

এনসিপি নেতাকে ছাড়াতে থানায় নেতাকর্মীরা, ধস্তাধস্তিতে আহত এসআই

এনসিপি নেতাকে ছাড়াতে থানায় নেতাকর্মীরা, ধস্তাধস্তিতে আহত এসআই
×
×

ছবি: সংগৃহীত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৮:৩২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মী ও তার স্বজনেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল কাদের আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রোববার রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ। খবর পেয়ে উপজেলা এনসিপির নেতাকর্মী ও তার স্বজনেরা থানার ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়েব আলী মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি এনসিপির মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি এনসিপিতে যোগ দেন।

ওই বছরের ৫ আগস্টের পর ছাত্রদল নেতা শাকিল খান বাদী হয়ে আখাউড়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। থানায় দায়ের করা ১৫ নম্বর মামলার ৮১ নম্বর এজাহারভুক্ত আসামি ছায়েব আলী।

তাকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ছায়েব আলীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপির শতাধিক নেতাকর্মী থানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে আখাউড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে এ খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানার সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আখাউড়া এনসিপির নেতা রুবায়েতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, থানার একটি বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালান। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ওসি আরও জানান, গ্রেপ্তার ছায়েব আলীকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×