ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‘শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন আছে, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না’

‘শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন আছে, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না’
×
×

গাজীপুর-৩ আসনের এমপি ডা. রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৮:৪১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:১৭

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি তাঁদের সর্বাত্মক সমর্থন রয়েছে। তাঁরা চান শ্রমিকদের বেতন বাড়ুক, জীবনযাত্রার মান উন্নত হোক এবং শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুন। তবে শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যাতে তাদের সঙ্গে মিশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আজ সোমবার বিকেলে শ্রীপুরের জৈনাবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনে তাদের যৌক্তিক দাবির প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন আছে। আমরা চাই গার্মেন্টস শ্রমিক ভাইদের বেতন বাড়ুক। আমরা চাই তাঁদের জীবনযাত্রার মান বাড়ুক। তাঁরা স্বাচ্ছন্দ্যে জীবন কাটান। তাঁদের এই আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সুযোগে যেন কোনো অপশক্তি তাদের সঙ্গে মিশে অস্থিরতা তৈরি করতে না পারে।’

তিনি আরও বলেন, যেখানেই সন্ত্রাসীরা অরাজকতা সৃষ্টি করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে এ দেশে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজদের পুনরুত্থান ঘটবে না। সম্মিলিতভাবে ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, বিএনপি নেতা মাহফুল হাসান হান্নান, স্বেচ্ছাসেবক দল নেতা রাশিদুল ইসলাম নয়নসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, ওলামা দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে মাওনা চৌরাস্তা থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী। মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান সজল, প্রফেসর নজরুল ইসলাম সেলিম প্রমুখ।

আরও পড়ুন

×