ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন

ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন
×
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:৩৪

ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়ে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ও ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে মার্কেটটির উদ্বোধন করা হয়।

জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এ মার্কেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। ফরিদপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে আফজাল হোসেন খান পলাশ বলেন, ফরিদপুর সদর উপজেলার উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করা হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিতুল, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×