নকশাবহির্ভূত নির্মাণ, চট্টগ্রামে একদিনে সিলগালা ৯ ভবন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:৪৯
অনুমোদিত নকশার বাইরে নির্মাণ এবং সরকারি জায়গা দখল করে স্থাপনা তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। সোমবার নগরের বায়েজিদ ও বাকলিয়া থানা এলাকায় পরিচালিত অভিযানে নকশাবহির্ভূত নির্মাণের দায়ে ৯টি ভবন সিলগালা করা হয়েছে। একই সঙ্গে চউকের নিজস্ব জায়গা দখল করে গড়ে তোলা ১৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় চউকের অথরাইজড অফিসার-১ কাজি কাদের নেওয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চউক সূত্র জানায়, অথরাইজড অফিসার-১-এর আওতাধীন এলাকায় সংস্থাটির নিজস্ব জায়গা দখল করে অবৈধভাবে দোকানগুলো নির্মাণ করা হয়েছিল। অভিযানে সেগুলো উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হয়। একই এলাকায় ১০টি ভবনে অভিযান চালানো হয়। এর মধ্যে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন এবং অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে ৯টি ভবন তাৎক্ষণিক সিলগালা করা হয়। বাকি একটি ভবনের মালিককে বিধি মেনে নির্মাণকাজ করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এ ব্যাপারে চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘একটি বাসযোগ্য, নিরাপদ ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে চউক বদ্ধপরিকর। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন এবং সরকারি জায়গা দখলের বিরুদ্ধে সংস্থার অবস্থান কঠোর। নগরীর শৃঙ্খলা ফেরাতে নকশাবহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’
- বিষয় :
- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
- সিলগালা