ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
×
×

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৫:৫০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধ চলে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে আলাদা করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়েছে। এবার ওই ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নকে নতুন উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

এর প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে সমাবেশ করেন মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা। পরে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ লোকজন রেললাইন অবরোধ করেন। অবরোধের কারণে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, সদর উপজেলা থেকে মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। তবে তারা কোনোভাবেই এতে সম্মত নন।

তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই আমরা বরিশলে যুক্ত হব না। আমাদের দাবি মানা না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন

×