বেনাপোলে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক নেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
দুই শ্রমিক নেতার ওপর ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৫:৫৫
যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ওরফে তবি এবং শ্রমিক নেতা লোকমান হোসেন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বেনাপোলের ছোট আঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শ্রমিক নেতা তবিবুর রহমান ও লোকমান হোসেন রাতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ছোট আঁচড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুর রহমানের ডান পায়ে এবং লোকমান হোসেনের বাম পায়ে আঘাত লাগে। তারা মাটিতে লুটিয়ে পড়েন।
পরে অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে দুই শ্রমিক নেতার ওপর ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলীর নেতৃত্বে শত শত শ্রমিক মিছিলে অংশ নেন। মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সংগঠনটির নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
- বিষয় :
- যশোর
- বেনাপোল
- ককটেল বিস্ফোরণ