ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খুলনায় ৯ ঘণ্টায় পাঁচ স্থানে গুলি, ঘের ব্যবসায়ী নিহত

খুলনায় ৯ ঘণ্টায় পাঁচ স্থানে গুলি, ঘের ব্যবসায়ী নিহত
×
×

আবদুল হালিম

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২২:৫২

খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে পৃথক ৫টি স্থানে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। এর মধ্যে রাত ৮টায় নগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শেখ আবদুল হালিম (৪৫) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। অন্য ঘটনাগুলোয় কেউ হতাহত হয়নি।

নিহত আবদুল হালিম নগরীর দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ভুক্তভোগীর পরিবারের সদস্য ও পুলিশ জানায়, রাত ৮টার দিকে আবদুল হালিম দৌলতপুর কল্পতরু মার্কেটে গল্প করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী যুবক সেখানে প্রবেশ করে আবদুল হালিমের পিঠে গুলি করে। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে কাছে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আরও কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

নগরীর দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম জানান, নিহতের মাথা, বুক ও পিঠে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। কেন, কারা তাকে হত্যা করেছে জানা যায়নি। 

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি আবদুল হালিম নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা গাজী কামরুল ইসলামের ব্যবসা দেখাশোনা করতেন। সন্ত্রাসীদের গুলিতে নিহত কেসিসির সাবেক কাউন্সিলর টিপুর সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। এসবের সঙ্গে হত্যাকাণ্ডের সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

দিনভর আরও যেসব ঘটনা
এর আগে বিকেল ৩টা ১০ মিনিটে চাঁদার দাবিতে খুলনা নগরীর মজিদ সরণিতে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ ঘটনার আধা ঘণ্টা আগে নগরীর লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে মো. টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। গুলিতে ওই বাড়ির একটি কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি। সন্ধ্যা সাড়ে ৬টায় আড়ংঘাটা থানার শলুয়া স্লুইচগেট এলাকায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েছে সন্ত্রাসীরা।

এছাড়া আজ বেলা ১১টায় নগরীর সদর থানা এলাকার ২২নং ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী সাইদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি বেঁচে যান। বেলা ১১টা থেকে রাত ৮টার মধ্যে ৫টি স্থানে গুলির ঘটনায় আবারও নগরীতে আতংক দেখা দিয়েছে।

পালংকি রেস্টুরেন্টের মালিকপক্ষের কেউ বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাননি। কর্মচারীদের দু’জন নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্মাণকাজ শুরু থেকেই হানযালা খান পরিচয়ে এক সন্ত্রাসী ফোন করে চাঁদা দাবি করে। মালিকপক্ষ রাজনৈতিকভাবে বিষয়টি মীমাংসা করে। গত সোমবার রাতে মোটা অংকের চাঁদা চেয়ে আবারও ফোন করে সন্ত্রাসীরা। চাঁদা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

আতংকে রাতে দ্রুত রেস্টুরেন্ট বন্ধ করে দেয় মালিকপক্ষ। মঙ্গলবার সকালে তারা আর রেস্টুরেন্ট খোলেননি। বিষয়টি জানতে পেরে দুপুর ১২টায় সোনাডাঙ্গা থানা পুলিশ রেস্টুরেন্টে গিয়ে নিরাপত্তার আশ্বাস দিলে সেটি খোলা হয়। আশপাশে একটি টহল গাড়িও মোতায়েন করে পুলিশ। বিকেল ৩টার দিকে পুলিশ সদস্যরা খাবারের জন্য গেলে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে অভিযান শুরু হয়েছে।

নগরীর লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে মো. টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলতে চাননি।

তাঁর এক স্বজন জানান, কিছু দিন আগে টুটুলের হোয়াটসঅ্যাপে নুরাজিম বাহিনীর ছবি পাঠিয়ে চাঁদা চাওয়া হয়েছিল। তিনি পাত্তা দেননি। মঙ্গলবার দুপুরে তার শোবার ঘরের জানালা লক্ষ্য করে গুলি করে। কাঁচ ভাঙলেও গুলিটি ঘরের ভেতরে প্রবেশ করেনি।

লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, আশপাশে সিসি ক্যামেরাও ছিল না। কেউ দেখেওনি। এজন্য কারা, কতজন ছিল বোঝা যাচ্ছে না। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হচ্ছে।

এদিকে নগরীর ২২নং ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী সাইদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিকের স্বজন।

নগরীর সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

চতুর্থ দফায় আড়ংঘাটা থানার শলুয়া স্লুইচগেট এলাকায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যার পর পানুর স্লুইচগেট এলাকায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। মোটরসাইকেলে আসা কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এ সময় প্রাণ বাঁচাতে দোকানে থাকা লোকজন নদীতে ঝাঁপ দেন।

আড়ংঘাটা থানার ওসি হালিমুর রহমান বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি ছোড়ে। এরপর তারা মোটরসাইকেলে করে শাহাপুর বাজারের দিকে চলে যায়। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

পঞ্চম দফায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আবদুল হালিম। গত সাড়ে ১০ মাসে খুলনা মহানগরীতে ৪০টি হত্যাকাণ্ড ঘটেছে। গুলিতে আহত হয়েছে প্রায় অর্ধশত। এছাড়া চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে ৫টি প্রতিষ্ঠানে।

আরও পড়ুন

×