হঠাৎ ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৩
ছবি- সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ২২:৩০
চট্টগ্রাম নগরের হালিশহরের নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার নগরের বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের খবরে সকালে বন্দর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে এমন বিস্ফোরণের ঘটনা তা নিশ্চিত হতে কাজ শুরু করেছেন তারা।
এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটলেও বুধবার তা জেনেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
দগ্ধরা হলেন–মো. আরিফ, তাঁর স্ত্রী রাশেদা বেগম ও তাদের তিন বছরের মেয়ে আরিফা বেগম।
দগ্ধদের মধ্যে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর আরিফ ও রাশেদাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের মেয়েও।
বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। আপাতত বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। গ্যাস নাকি অন্য কোনো কারণে এমন বিস্ফোরণ–তা খতিয়ে দেখা হচ্ছে।
দগ্ধ আরিফের ভাই মো. শরীফ জানান, তাদের গ্রামের বাড়ি ভোলায়। কাজের সুবিধার্থে চট্টগ্রাম নগরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন আরিফ। পুরো পরিবার দগ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন তিনি। ডাক্তার বলেছেন ভাই ও ভাবির অবস্থা বেশি খারাপ। তবে ভাতিজির অবস্থা তুলনামূলক ভালো আছে।
স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. আরিফ দুই মাস আগে আজিজ ভবনের নিচতলায় স্ত্রী ও এক মেয়েকে নিয়ে বাসা ভাড়া নেন। তিনি পেশায় একজন রিকশাচালক। মঙ্গলবার রাতে হঠাৎ বাসাটি থেকে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। নিমেষেই সেখানে আগুন ধরে যায়। বিস্ফোরণে বাসার দরজা ও জানালা ছিটকে পড়ে। পরে পার্শ্ববর্তী বাসিন্দারা বাসাটির ভেতরে থাকা দগ্ধ তিনজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।
ভবনের মালিক হায়দার আলী জানান, তাঁর ভবনে গ্যাসের কোনো সিলিন্ডার নেই। বাসিন্দাদের ব্যবহারের জন্য ভবনের বাইরে দুটি গ্যাসের চুলা রাখা হয়েছে। দগ্ধ আরিফের বাসায় কোনো চুলা ছিল না। বিস্ফোরণের শব্দ শুনে মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি।