পাবনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে গুলি: মামলা হয়নি ৩ দিনেও, নেপথ্যে বালুর ব্যবসা
ছবি: ফাইল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ২৩:৩৩
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে গুলি এবং এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর চার নেতা ও যুবলীগের এক নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগের তিন দিনেও মামলা হয়নি। বুধবার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা লিখিত অভিযোগ পাওয়ার অপেক্ষায় আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে গত সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নে মিছিলের প্রস্তুতি নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পদ্মা নদী পারে মাজদিয়া এলাকায় গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হন। তারা হামলার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেন।
এ ঘটনার পর জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা এবং আত্মগোপনে থাকা উপজেলা যুবলীগের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। সোমবার রাতেই সাঁড়া ইউনিয়ন ও পৌর এলাকার সাঁড়াগোপালপুর গ্রামে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় সশস্ত্র লোকজন সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম, নুরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় বাড়িতে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
রাত ১১টার দিকে একদল যুবক মোটরসাইকেলে মিছিল করে সাঁড়াগোপালপুর এলাকায় আত্মগোপনে থাকা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী মিলনের বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এ সময় টেলিভিশন, ফ্রিজসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র লুটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু. সাইদুল ইসলামের অভিযোগ, তাঁর দলের চার নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, আটটি মোটরসাইকেল ও বাড়িঘরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরাই জড়িত।
এসব অভিযোগ অস্বীকার করে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির একাংশ। গত মঙ্গলবার রাতে শহরের রেলগেটে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, এসব ঘটনায় তাদের কোনো নেতাকর্মী জড়িত নন।
সেখানে পৌর বিএনপির একাংশের আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল লিখিত বক্তব্যে ‘ওপেন চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়ে বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’–এ অভিযোগ মিথ্যা।
উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেখানে সেন্টু সরদার, নান্নু রহমান, মনিরুজ্জামান টুটুল সরদার, ইলিয়াস হোসেন এলবাস, আক্কাছ আলীসহ যুবদল, ছাত্রদলের একাংশের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসব ঘটনার প্রতিবাদে শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, পদ্মা নদীর বালুমহালের ওপর আধিপত্য বিস্তার ও রাজনৈতিক নানা বিষয়ে একাধিক পক্ষের বিরোধ রয়েছে। উপজেলার সাঁড়া, রূপপুর, লক্ষ্মীকুণ্ডাসহ নদীতীরের অঞ্চলগুলোর সঙ্গে বিএনপির একাংশের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত কাকনবাহিনীর বিরোধ রয়েছে।
আবার বালুর ব্যবসা নিয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদেরও বিরোধ চলছে। এসব বিরোধের জেরেই গত সোমবার ৫ ছাত্রদল নেতার গুলিবিদ্ধ হওয়া; প্রতিক্রিয়ায় জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় বলে তাদের দাবি। এলাকাবাসীর ভাষ্য, এর আগে এ এলাকাগুলোয় বেশ কয়েকবার বন্দুকযুদ্ধ হয়েছে। এ ছাড়া গোলাগুলি, হামলা-পাল্টা হামলায় হতাহতও হয়েছেন অনেকে।
এসব বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বুধবার সমকালকে বলেন, গোলাগুলি ছাড়াও আধিপত্য বিস্তার নিয়ে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। জামায়াতে ইসলামীর চার নেতা ও যুবলীগ নেতার বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কোনো পক্ষ থানায় এখনও পর্যন্ত লিখিত দেননি। তাঁর ভাষ্য, ‘আমরা অপেক্ষায় আছি, থানায় লিখিত অভিযোগ দিলেই আইনি ব্যবস্থা নেব।’
- বিষয় :
- পাবনা