ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যৌনপল্লিতে তরুণীকে আটকে নির্যাতন, দুজনের যাবজ্জীবন

যৌনপল্লিতে তরুণীকে আটকে নির্যাতন, দুজনের যাবজ্জীবন
×
×

প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০০:২৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে এক তরুণীকে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন–দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দা এলেম খাঁর স্ত্রী রোজী সর্দারনি এবং বাড়ির মালিক মজি ফকির। রায় ঘোষণার সময় দুজনই পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ অক্টোবর ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে গাজীপুরের এক তরুণীকে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে যান রোজী সর্দারনি। সেখানে মজি ফকিরের বাড়িতে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে তাঁকে দেহব্যবসায় বাধ্য করা হয়। একই বছরের ১৭ নভেম্বর রোজী ও মজি ফকির ওই তরুণীকে নির্মমভাবে নির্যাতন করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।

সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ১১ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা বলেন, সাক্ষীদের জবানবন্দি ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এর মাধ্যমে বাদী ন্যায়বিচার পেয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

আরও পড়ুন

×