ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পিসি সড়কের দুই পাশ দেবে দুর্ঘটনার শঙ্কা

পিসি সড়কের দুই পাশ দেবে দুর্ঘটনার শঙ্কা
×
×

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০২:৩৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ০২:৩৪

চট্টগ্রাম নগরের নয়াবাজার গোলচত্বরে পোর্ট কানেকটিং (পিসি) সড়কের একটি অংশের দুই পাশ হঠাৎ দেবে গেছে। বুধবার সকালে সড়কের এক পাশ দেবে যায়। এর আগের দিন মঙ্গলবার অপর পাশও দেবে গিয়েছিল বলে জানান স্থানীয়রা। ব্যস্ত এ সড়কের দুই পাশ দেবে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে সড়কটির বিভিন্ন অংশে চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডসহ (বিটিসিএল) কয়েকটি সংস্থা উন্নয়নমূলক কাজ করছে। বড় গর্ত খুঁড়ে পাইপ বসানোর কারণে মাটির নিচের স্তর দুর্বল হয়ে পড়েছে। এর ওপর প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করায় গুরুত্বপূর্ণ সড়কটি দেবে গেছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ওয়াসার পাইপ বসানোর কাজের কারণে পাইপ ছিদ্র হয়ে পানি বের হচ্ছে। আবার বাসিন্দারা জানিয়েছেন, বিটিসিএলও সেখানে পাইপ বসানোর কাজ করছে। পানির প্রচণ্ড চাপে মাটি নরম হয়ে সড়কটি দেবে গেছে। আপাতত দেবে যাওয়া অংশ বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। পানি সরবরাহ বন্ধ করে ওয়াসা ছিদ্র হওয়া পাইপ চিহ্নিত করার কাজ শুরু করেছে। তাদের কাজ শেষ হলে সিটি করপোরেশন সড়কটি সংস্কার করে দেবে।’

তবে অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘ওয়াসার কাজের কারণে সড়ক দেবে যাওয়ার অভিযোগ সঠিক নয়। পাঁচ মাস আগে সেখানে আমাদের কাজ শেষ হয়েছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন

×