ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সংখ্যালঘু ছাত্রী ধর্ষণ: সিলেটে জড়িতদের গ্রেপ্তারে সাত দিনের আলটিমেটাম

সংখ্যালঘু ছাত্রী ধর্ষণ: সিলেটে জড়িতদের গ্রেপ্তারে সাত দিনের আলটিমেটাম
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০ | ০৯:৪৭

সিলেটে সংখ্যালঘু সম্প্রদায়ের স্কুলছাত্রী ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারে সাত দিনের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এই সময়ের মধ্যে মামলার আসামিরা গ্রেপ্তার না হলে আগামী ১০ অক্টোবর মহানগর পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঐক্য পরিষদের জালালাবাদ থানা শাখা ও পূজা পরিষদের সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন থেকে এ কর্মসূচি দেওয়া হয়।

গত ৬ সেপ্টেম্বর সদর উপজেলার জালালাবাদে সংখ্যালঘু পরিবারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় এখলাস ও জসিম এবং সহযোগিতার অভিযোগে আশিক আলী, হারুন মিয়া, ইমদাদ আলী, জালাল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘু পরিবারের ছাত্রী শিশুধর্ষণ মামলার আসামি ও তাদের সহযোগীদের গ্রেপ্তার না করলে পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করা হবে।

সিলেট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলেন্দু ভূষণ দে অনুপের সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটনের পরিচালনায় মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, শাহ খুররম ডিগ্রি কলেজের অধ্যাপক আমিনুল হক প্রমুখ।

আরও পড়ুন

×