ঝুঁকিপূর্ণ রাজশাহী শহর রক্ষা বাঁধে প্রবেশে নিষেধাজ্ঞা
ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ০৭:৪৩
ঝুঁকিপূর্ণ রাজশাহী শহর রক্ষা বাঁধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী শহিদুল আলম জানান, বাঁধটি স্রোতের মুখে পড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জনসাধারণের প্রবেশে বাড়তি সমস্যা হতে পারে বলে সাময়িক এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি জানান, বাঁধ রক্ষায় ইতিমধ্যে আড়াই হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে।
এদিকে কমতে শুরু করেছে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি। পাউবোর উপাত্ত সংগ্রহকারী এনামুল হক জানান, শনিবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ১৫ মিটার। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় এ বছরের সর্বোচ্চ পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ১৯ মিটার। এখন প্রতিদিনই পানি কমছে।
এদিকে রাজশাহীর পবা, চারঘাট, বাঘা ও গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলের পানিবন্দি হয়ে থাকা মানুষ নিরাপদ স্থানে সরে গেছেন। সরকারি ও বেসরকারিভাবে তাদের মধ্যে ত্রাণ বিতরণ চলছে।
- বিষয় :
- রাজশাহী শহর রক্ষা বাঁধ
