ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দিনাজপুর জেলা যুবলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

দিনাজপুর জেলা যুবলীগ সভাপতির বিরুদ্ধে মামলা
×

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৫২

দিনাজপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ পারভেজসহ চারজনের নামে এবং অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে অপহরণ, চাঁদা দাবি, চুরি ও নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। মামলায় আর যাদের নাম রয়েছে তারা হলেন- স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির রিটেইনার ইঞ্জিনিয়ার মাসুদ রানা শামীম আক্তার, যুবলীগ কর্মী সারোয়ার হোসেন এমিল ও আবদুল্লাহ আল মামুন সৌরভ। 

গত ১১ নভেম্বর জেলার চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন এ মামলা দায়ের করেন। গোয়েন্দা পুলিশের এসআই মোকারম হোসেনকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রিটেইনার ইঞ্জিনিয়ার মাসুদ রানা শামীম আক্তার জেলা যুবলীগের সভাপতি মো. রাশেদ পারভেজের ছত্রছায়ায় ২৫৩টি পরিবারের কাছে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার নাম করে প্রায় চার লাখ টাকা উৎকোচ গ্রহণ করেন। কিন্তু পরে সংযোগ দিতে গড়িমসি করায় যুবলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। 

এতে যুবলীগের সভাপতি মো. রাশেদ পারভেজ ক্ষিপ্ত হয়ে সমিতির রিটেইনার ইঞ্জিনিয়ার মাসুদ রানা শামীম আক্তার, যুবলীগ কর্মী সারোয়ার হোসেন এমিল ও আবদুল্লাহ আল মামুন সৌরভসহ ১০/১৫ জনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে গত ৫ নভেম্বর রাত ১০টার দিকে মো. আবদুল্লাহ আল মামুনকে বাড়ি থেকে তুলে নিয়ে রাস্তায় মারধর করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। সেখানে আরেক দফা মারধর করে একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কোর্টে চালান দেওয়া হয়। বিচারক শারীরিক অবস্থা দেখে মো. আবদুল্লাহ আল মামুনকে জামিন প্রদান করেন।

কোতোয়ালি থানার ওসি বজলুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

×