আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
পাবনার মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া
পাবনা অফিস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০ | ০৩:৫৪
পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
রোববার বিকেলে প্রজ্ঞাপনে লিখিত তথ্য থেকে জানা যায়, করোনাভাইরাস চলাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম এবং তালিকার ত্রুটি সনাক্তকারী প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৩৪ (৪) ধারা অনুযায়ী তাকে মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়াকে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও কোন চিঠি পাইনি। চিঠি পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
