ভোমরা বন্দর দিয়ে এল ৮০ ট্রাক পেঁয়াজ
আমদানিকৃত পেঁয়াজবাহী ট্রাক- সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ০৯:১৮ | আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ | ১১:০৮
ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষমাণ ৭০ থেকে ৮০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ শুরু করেছে। শনিবার দুপুর পোনে ২টা থেকে ভোমরা স্থলবন্দরে প্রবেশ শুরু করে আমদানিকৃত পেঁয়াজবাহী এই ট্রাকগুলো।
এদিকে এই পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করার পর কিছুটা হলেও পেঁয়াজের দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় পেঁয়াজের মূল্য আকস্মিকভাবে বৃদ্ধি পায়। বর্তমানে সাতক্ষীরার খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকা কেজি দরে এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা কেজি দরে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করার আগে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষমাণ ৭০ থেকে ৮০ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশের জন্য অপেক্ষায় ছিল। বাংলাদেশ ও ভারত উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি সাপেক্ষে শনিবার দুপুরে অপেক্ষমাণ পেঁয়াজের ট্রাকগুলো ভোমরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত এই ট্রাকগুলো ভোমরা বন্দরে প্রবেশ করবে।
ভোমরা কাস্টম শুল্ক স্টেশনের রেভিনিউ অফিসার বিকাশ চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
- বিষয় :
- ভোমরা স্থলবন্দর
- সাতক্ষীরা
