ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেলিম প্রধানের দখলে থাকা সওজের জমি উদ্ধার

সেলিম প্রধানের দখলে থাকা সওজের জমি উদ্ধার
×

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ০৯:২৬

অনলাইন ক্যাসিনো ডন সেলিম প্রধানের দখলে থাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা-গোলাকান্দাইল ফ্লাইওভার অংশের সড়ক ও জনপথের (সওজ) জমি দখলমুক্ত করেছে প্রশাসন।

শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে সেলিম প্রধানের মালিকানাধীন প্রতিষ্ঠান জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেডের অবৈধ দখলে থাকা ১৫ শতাংশ জমির পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া আশপাশের আরও কয়েকটি দোকানঘরসহ পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, সহকারী উপ-পরিচালক সাখাওয়াত হোসেন শামীম প্রমুখ। 

গত সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে সেলিম প্রধানকে গ্রেফতার করে র‌্যাব।

ভুলতা-গোলাকান্দাইল এলাকা ক্রস করেছে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কটি। ব্যস্ততম এ সড়কটি দিয়ে শত শত যানবাহন ও হাজার হাজার মানুষের চলাফেরা। প্রতিদিনই এ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। এ যানজট নিরসনের লক্ষ্যে চার তলাবিশিষ্ট ফ্লাইওভার নির্মাণকাজ হাতে নেয় সরকার। কিন্তু সওজের অধিগ্রহণ করা ১৫ শতাংশ জমি সেলিম প্রধানের জবরদখলে থাকায় কাজটি অসমাপ্ত থেকে যায়। ফ্লাইওভার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বারবার ওই জমিতে থাকা পাকা স্থাপনা উচ্ছেদ করতে গেলেও অজ্ঞাত কারণে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়। জমিটুকু দখলে থাকায় সড়কের ওই অংশে মাত্র ১০ থেকে ১২ ফুট প্রশস্ত। সড়কের ওই অংশটুকু দিয়ে বড় ধরনের যানবাহন চলাফেরা করতে পারত না। এমনকি রিকশা ও অটোরিকশা চলাচল করা সম্ভব হতো না।

নাম প্রকাশে অনিচ্ছুক জাপান-বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের এক কর্মকর্তা জানান, বাইরে থেকে প্রতিষ্ঠানটির অবস্থা জরাজীর্ণ দেখা গেলেও ভেতরে রয়েছে বিলাসবহুল সব ইন্টেরিয়র। আছে অভিজাত আসবাব।

যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এশিয়ান হাইওয়ে ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থাকা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

আরও পড়ুন

×