রায়হান হত্যা: দুই দফা রিমান্ড শেষে কনস্টেবল হারুন কারাগারে
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০১ নভেম্বর ২০২০ | ০৭:৪৭
সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় দুই দফা রিমান্ড শেষে কনস্টেবল হারুনুর রশিদকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি না হওয়ায় তাকে রোববার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হারুনকে অতিরিক্ত মুখ্য হাকিম আদালতে তাকে হাজির বরে মামলা তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন-পিবিআই। আদালতে স্বীকারোক্তি না দেওয়ায় বিচারক জিয়াদুর রহমান তাকে কারাগারে প্রেরণের নিদের্শ দেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র ইনস্পেক্টর মোহাম্মদ মহিদুল ইসলাম।
গত ২৪ অক্টোবর কনস্টেবল হারুন রশিদকে গ্রেফতার দেখিয়ে পিবিআই ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে থাকাবস্থায় তিনি দায় স্বীকার করতে রাজি হননি। ফলে ২৯ অক্টোবর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবার ৩ দিনের রিমান্ডে নেন তদন্তকারী কর্মকর্তা। তাতেও স্বীকারোক্তি দিতে রাজি হননি হারুন। ফলে তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে একই মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ডে কনস্টেবল টিটু চন্দ্রও স্বীকারোক্তি না দেওয়ায় তাকেও কারাগারে প্রেরণ করা হয়। বর্তমানে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির প্রত্যাহার হওয়া এএসআই আশেক এলাহী ৫ দিনের রিমান্ডে রয়েছেন।
প্রসঙ্গত, ১৯ অক্টোবর মামলার সাক্ষি তিন কনস্টেবল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিকালে এএসআই আশেক এলাহী, হারুন ও টিটু চন্দ্রের নাম বলেছেন। তারপরও কনস্টেবল টিটু চন্দ্র ও হারুনুর রশিদ জবানবন্দি দেননি।
