খুলনায় উপজেলা পর্যায়ে হচ্ছে অক্সিজেন ব্যাংক
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০ | ০৬:২৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২০ | ০৬:৩৬
শীতে করোনার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ মোকাবিলায় খুলনার ৯ উপজেলায় অক্সিজেন ব্যাংক ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে জেলার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা চালুর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
পর্যায়ক্রমে অন্য উপজেলাগুলোতেও এই সেবা চালু করা হবে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ব্যবস্থাপনায় জরুরি স্বাস্থ্য সেবাটি চালু করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন শনিবার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে ব্যয় হবে প্রায় ৪০ লাখ টাকা এবং ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হবে।
অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাস প্রতিরোধে পর্যায়ক্রমে খুলনার অন্যান্য উপজেলাতেও অপিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন করা হবে। করোনা পরবর্তী সময়েও প্রত্যন্ত এলাকার মানুষ এই জরুরি সেবা পাবে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে আইসিইউ সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, স্থানীয়ভাবে কয়েকটি রিসোর্সকে একত্রিত করে অক্সিজেন ব্যাংক, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও আইসিইউ সেবা চালু করা হচ্ছে।
- বিষয় :
- অক্সিজেন ব্যাংক
- খুলনা