কিশোরগঞ্জে অনবদ্য মানবাধিকার নাট্য উৎসব সমাপ্ত
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০ | ১২:০১
করোনাকালে দীর্ঘ বিরতির পর কিশোরগঞ্জের মানুষের চেতনা ও মনোজগৎকে নাড়া দিয়েছে ১৭তম মানবাধিকার নাট্য উৎসব। সামাজিক দূরত্ব এবং মাস্ক পরে নাট্য উৎসবে উপস্থিত হয় বিপুলসংখ্যক দর্শক। তাদের উপস্থিতি জানান দিয়েছে করোনামুক্ত হোক সারাবিশ্ব। শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দর্শকের উপচেপড়া ভিড়ে শেষ হয় নাট্য উৎসব।
শুরুতেই আগত দর্শকদের মধ্যে মাস্ক বিতরণ করেন মানাপকর্মীরা। সংস্কৃতিকর্মী ফৌজিয়া জলিল ন্যান্সী প্রদীপ জ্বালিয়ে নাট্যোৎসবের উদ্বোধন করেন। মানাপের সভাপতি হারুন-আল-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনুর আফজল, মানবাধিকারকর্মী অপূর্ব দাস, অধ্যাপক বদরুল হুদা সোহেল, ছড়াকার সাদেকুর রহমান রতন, আবৃত্তিকার ম ম জুয়েল ও মানাপকর্মী সুমাইয়া মীম।
মানাপকর্মী আদৃতার একক অভিনয়, রিফাত ইসলামের মূকাভিনয় ও সুব্রত দে টুনটুনের নৃত্য পরিবেশনের পর মানাপ মঞ্চায়ন করে 'অন্ধের দ্বন্দ্ব', 'কমলাকান্তের জবানবন্দী' ও 'কালের ধ্বনি' নামে নারী জাগরণের তিনটি নাটক। সবশেষে কিশোরগঞ্জের স্কাইলার্ক ব্যান্ডের সংগীত পরিবেশনার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- মানবাধিকার নাট্য উৎসব
- নাট্য উৎসব
