১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চালু
লাইনচ্যুত হওয়া বগি- সমকাল
মাধবপুর ও হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০০:৫২
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল প্রায় ১৩ ঘণ্টা।
রোববার দিবাগত গভীর রাতে লাইনচ্যুত বগি উদ্ধার ও ওই রেললাইন মেরামত করার পর রাতেই সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দুপুর ১২টার দিকে তেলবাহী একটি ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। হঠাৎ উপজেলার শাহজিবাজার রেলস্টেশন এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়।
রাত ১টার দিকে শাহজীবাজার স্টেশন মাস্টার মোফাজ্জল হোসেন সমকালকে জানান, লাইনচ্যুত বগি উদ্ধার ও পুরনো লাইন মেরামত করে সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত দুটি লাইনের মেরামত কাজ চলছে।
এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনার কারণ খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল-এর প্রধান প্রকৌশলী সুবক্তগীন।
তিনি জানান, ডিভিশনাল লেভেলে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট ও বিভাগীয় প্রধান চীফ মেকানিক্যাল লেভেলে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রকৌশলী সুবক্তগীন জানান, এ ঘটনায় প্রায় ২শ’ ফিট রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের কাজ চলছে।
- বিষয় :
- মাধবপুর
- মাধবপুরে ট্রেন দুর্ঘটনা
