'মাদক ব্যবসার বিরোধে' চকরিয়ায় ছুরিকাঘাতে কিশোর খুন
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০ | ০৭:৫৬
কক্সবাজারের চকরিয়ায় মাদক ব্যবসার বিরোধের জের ধরে এক কিশোরকে কৌশলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে পৌরসভার পালাকাটাস্থ সাবেক কাউন্সিলর এনামুল হকের বাড়ির পাশের নির্জন রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. আবদুস শুক্কুর (১৬)। সে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইলিশিয়া বাজার পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে। শুক্কুর পেশায় ইজিবাইক চালক ছিল। গোপনে সে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে থানায় মামলা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে শুক্কুর ইজিবাইক নিয়ে ইলিশিয়া থেকে পৌরসভার পালাকাটায় আসছিল। পথে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তরা ইজিবাইক, মোবাইল ও টাকাপয়সা নেয়নি। স্থানীয় লোকজন ছুরিকাঘাতে আহত শুক্কুরকে রাস্তায় ছটফট করতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, শুক্কুরের বাবা আনোয়ার হোসেন মারা যাওয়ার পর মো. বেলাল নামের এক ব্যক্তিকে তার মা আসমা বেগম বিয়ে করেন। মো. বেলাল চিহ্নিত মাদক কারবারি এবং বিভিন্ন মামলার আসামি।
হাসপাতালে ছেলের লাশের পাশে কান্নারত মা আসমা বেগম দাবি করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কেন বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, পুলিশের কাছে আসা প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর বাইরে অন্য কোনো ঘটনা বা রহস্য আছে কি-না তা উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর হত্যা মামলা নেওয়া হয়েছে।
- বিষয় :
- ছুরিকাঘাতে খুন
- মাদক ব্যবসার বিরোধ
