সুজানগরে কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর
ভাঙচুর করা প্রতিমা -সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ০৮:২৪
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর বারোয়ারী কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার নটো জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। শুক্রবার সকালে স্থানীয়রা প্রতিমা ভাঙা দেখতে পেয়ে মন্দির কমিটির নেতাদের খবর দেয়। পরে নেতারা ঘটনাস্থলে গিয়ে আমিনপুর থানা পুলিশকে খবর দেন।
তিনি আরও জানান, শুক্রবার সকালে আহম্মদপুর বারোয়ারী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সুত্রধর বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে আমিনপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল ঘোষসহ জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতারা ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আসামিরা খুব শিগগিরই ধরা পড়বে।
- বিষয় :
- প্রতিমা ভাঙচুর
- কালি মন্দির