ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চট্টগ্রামে 'মদ্যপ' এএসআইকে পিটুনি

চট্টগ্রামে 'মদ্যপ' এএসআইকে পিটুনি
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ১০:০৬

চট্টগ্রাম নগরে বেপরোয়া গতিতে এসে পথচারীকে ধাক্কা দেওয়ার পর ক্ষুব্ধ লোকজন মোটরসাইকেলের আরোহী এক এএসআইকে ধরে পিটুনি দিয়েছে। তবে এসময় মোটরসাইকেল চালক পালিয়ে যান। পরে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ সদস্য এবং মোটরসাইকেল চালক মদ্যপ অবস্থায় ছিলেন। 

তবে পুলিশ এই দাবি অস্বীকার করেছে। সোমবার রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত পুলিশ সদস্য উদ্দীপন চাকমা চট্টগ্রাম নগর পুলিশ লাইনে সহকারী উপ-পুলিশ (এএসআই) পরিদর্শক হিসেবে কর্মরত। 

পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে একই মোটরসাইকেলে চড়ে তিনজন চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন কাজল মিত্র চাকমা নামে একজন। আরোহী ছিলেন এএসআই উদ্দীপন চাকমা ও তার চাচাতো বোন। মোটরসাইকেল অক্সিজেন মোড়ে এসে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। এসময় লোকজন উদ্দীপনকে ধরে ফেলে এবং লাঞ্ছিত করে। তবে কাজল ওই নারীকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্দীপনকে পুলিশ লাইনে নিয়ে যায়। পরে বেপারোয়া গাড়ি চালানোর অপরাধে মঙ্গলবার সকালে কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজল এবং উদ্দীপন দু’জনই মদ্যপ অবস্থায় ছিলেন। দু’জনের সঙ্গে থাকা ব্যাগে চোলাই মদ ছিল বলেও দাবি তাদের।

নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, ‘উদ্দীপনকে যখন আমরা হেফাজতে নিই তখন তিনি মদ্যপ ছিলেন না। তাকে আপাতত পুলিশ লাইনে রাখা হয়েছে। বিভাগীয় তদন্ত হচ্ছে। কাজলকে গ্রেপ্তারের সময়ও মদ্যপ থাকার প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে সিএমপির বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×