ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

কর্মিসভায় ধাক্কাধাক্কি হট্টগোল

৬ নেতাকে বহিষ্কার করা নিয়ে বরিশাল যুবদলে অস্থিরতা

৬ নেতাকে বহিষ্কার করা নিয়ে বরিশাল যুবদলে অস্থিরতা
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০ | ০৯:৩৮

বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ৬ নেতাকে বহিষ্কার করায় অস্থিরতা দেখা দিয়েছে স্থানীয় বিএনপিতে। গত শুক্রবার রাতে নগরীর বিএনপি কার্যালয়ে যুবদলের দু'পক্ষের হাতাহাতির ঘটনায় শনিবার রাতে মাসুদ হাসান মামুনসহ তার অনুসারী ৬ নেতাকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। 

বহিষ্কৃতরা বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। ৬ নেতাকে বহিষ্কারের ঘটনায় উত্তাপ ছড়িয়েছে রোববার বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মহানগর যুবদলের কর্মিসভায়। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সভা চলাকালে দফায় দফায় পাল্টাপাল্টি স্লোগান, ধাক্কাধাক্কি ও হট্টগোল হয়েছে। 

যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল বিভাগীয় টিমের প্রধান মোনায়েম মুন্না কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, 'মাথার ওপর থেকে দলের ছাতা সরে গেলে কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাই দলের নিয়ম মেনে চলতে হবে। দল থেকে আমিও বহিষ্কার হয়েছিলাম। ওমুক ভাই, তমুক ভাইয়ের স্লোগান দিয়ে যুবদলে পার পাওয়া যাবে না।'

এই কর্মিসভা সফল করার জন্য গত শুক্রবার রাতে বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা চলাকালে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে দু'জনের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। সে সময় উপস্থিত কেন্দ্রীয় নেতারা ক্ষুব্ধ হলে রাতেই মাসুদ হাসান মামুন, যুগ্ম সম্পাদক রাহাত, সহ-সম্পাদক সহদেব শর্মা, আল আমিন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু ও প্রচার সম্পাদক বশির আহমেদকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।

বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের অনুসারী একাধিক নেতা জানান, মজিবর রহমান সরোয়ারের গ্রুপ করায় কৌশলে তাদের বহিষ্কার করা হয়েছে। এর নেপথ্যে রয়েছেন মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামিম, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন।

মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বলেন, শুক্রবার রাতের সভায় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করা হলে আমার ওপর হামলা চালানো হয়। তবে মাসুদ হাসান মামুন দাবি করেন, ঘটনার সময় তিনি সভাস্থলে ছিলেন না। হামলার সঙ্গে তার সংশ্নিষ্টতা নেই।

অভিযোগ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, রোববার কর্মিসভায় অনেকেই মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়েছেন। কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই বহিস্কার প্রসঙ্গে তিনি বলেন, দলে বহিস্কার, পুরস্কার দুটোই আছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, রাজনীতি এখন মাঠে নেই; ঢাকা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। ৬ নেতার বহিস্কারের বিষয়টি নিয়ে যুবদলের টিম লিডার ওয়াহিদ মুন্নার সঙ্গে কথা হয়েছে। মামুন অনেকের চেয়ে ত্যাগী ও রাজপথের কর্মী- সেটা তাকে অবহিত করা হয়েছে। এটা নিয়ে যুবদলে যে অস্থিরতা চলছে, তা মোটেই কাম্য নয়।

আরও পড়ুন

×