ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা, অটোচালক নিহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ০২:০৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ | ০৩:৩৫
মৌলভীবাজারের কমলগঞ্জে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা সড়কের ধারে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক সন্তোষ বৈদ্য (৪৮) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন।
সোমবার রাত ১২টায় উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সন্তোষ বৈদ্যের বাড়ি কুলাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টায় সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শ্রীমঙ্গল থেকে কুলাউড়া যাচ্ছিল। যানটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় পৌঁছলে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারান। পরে সড়কের ধারে একটি খুঁটির সাথে অটোরিকশাটির সজোরে ধাক্কা লাগলে অটোর সম্মুখ দিক দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সন্তোষ বৈদ্যের মৃত্যু হয় এবং অটোরিকশার চার যাত্রী আহত হন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল নিহত চালকসহ আহত ৪ যাত্রীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অভিজিৎ সিনহা বলেন, পুলিশ দুর্ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে রাতেই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে অটোচালক সন্তোষ বৈদ্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি এলাকায় ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনাটি ঘটে।
