ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: চালক শহীদকে বহিষ্কার

চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: চালক শহীদকে বহিষ্কার
×

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ০৪:৩১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ | ০৪:৪২

সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় জড়িত বাসচালক শহীদ মিয়াকে বহিষ্কার করেছে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক মুহিত মিয়া বুধবার বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আজীবন পরিবহন সেক্টর থেকে বহিষ্কারের দাবি জানায় সুনামগঞ্জ শ্রমিক ইউনিয়ন। সংগঠনটির সাধারণ সম্পাদক নূরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অপরাধকারীরা সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য নয়। তারা সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য। তবে তাদের বর্তমান পরিচয় তারা অপরাধী। তারা যে সংগঠনেরই হোক না কেনো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। এ ঘটনায় সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন তীব্র নিন্দা জানাচ্ছে।

বুধবার বিকেল ৩টার দিকে শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মুহিত মিয়া জানান, ঘটনায় জড়িত চালক শহীদ মিয়া সংগঠনের কুমারগাঁও শাখার সদস্য। বুধবার সকালে তাকে ওই শাখা থেকে বহিষ্কার করা হয়েছে। বিকেল ৩ টায় সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

মুহিত মিয়া বলেন, শহীদ মিয়া সিলেটের পরিবহন সেক্টরের ভাবমূর্তি নষ্ট করেছে। শ্রমিকদের ভাবমূর্তিও তার জন্য নষ্ট হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনা কোনোদিন সিলেট অঞ্চলে ঘটেনি। সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন তার কোনো দায়-দায়িত্ব নেবে না। তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই পরিবহন শ্রমিক নেতা।

এদিকে, বাসের চালক বা কন্ডাক্টরের পরিচয় বাস মালিকের কাছে না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদ।

জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য বলেছেন, বাসের চালকের সহকারীর দায় বাসমালিককেই নিতে হবে। সে অঘটন ঘটাবে আর বাস মালিক বলবেন, তাকে আমরা নিয়োগ দেইনি। তা হতে পারে না। তিনি বলেন, এভাবে চলতে থাকলে বাসে চলাচলে নারী যাত্রীরা নিরাপত্তাহীনতায় থাকবেন।

সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া জানান, এখন থেকে বাসে চালক হেলপারসহ সকল স্টাফের নিয়োগের বিষয়টি তদারকি করবেন তারা।

আরও পড়ুন

×